বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

১৭ এপ্রিল, ২০২১ ১৫:০৪  
বিশ্বজুড়ে বিভ্রাটে পড়েছেন মাইক্রোব্লগিং সাইট ব্যবহারকারীরা। বিভ্রাটের ফলে অনেক ব্যবহারকারী কোনও টুইট করতে পারেননি। এমনকি অন্যদের টুইট দেখতেও পারেননি অনেকে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার কিছুক্ষণ আগে থেকে অনেক ব্যবহারকারী টুইটারে প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর। বিভ্রাট সম্পর্কিত তথ্যদাতা এবং নজরদারির এই সাইটটিতে দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৪০ হাজার ব্যবহারকারী শুক্রবার সামাজিক মাধ্যমটিতে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার শেষ ভাগে এ ব্যাপারে টুইট করেছে প্রতিষ্ঠানটি। ওই টুইটে তারা লিখেছে, “আপনাদের কারো কারো জন্য হয়তো টুইট লোড হচ্ছে না। আমরা সমস্যা সারাতে কাজ করছি, এবং খুব দ্রুতই টাইমলাইনে ফিরতে পারবেন আপনি।” এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দফায় বিভ্রাটের কবলে পড়েছিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সেবা। তখন বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টরকে ফেসবুক সাইটেই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানান এক লাখ ১২ হাজার ব্যবহারকারী। এক লাখ ০১ হাজার জানান ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার কথা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপে সমস্যা হওয়ার কথা জানিয়েছিলেন পাঁচশ’ ১৬ জন।